রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন বৃহস্পতিবার (১অক্টোবর ২০২৬)ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিনকাসেম আরমান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম আরমান ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের কাছ থেকে সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠানের ওপর এমন হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকারী প্রতিষ্ঠানের সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী নায়েবে আমীর আব্দুর রহমান মূসা,কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগরী সেক্রেটারি ড.রেজাউল করিম, সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. মো.ফখরুদ্দিন মানিক,মুহাম্মদ ইয়াসিন আরাফাত,এবং প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারসহ মহানগরী ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। নিন্দনীয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।


















