আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দলের নীতি ও সমর্থন দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, এবারের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি বিগত ১৭ বছর ধরে রাজপথে সক্রিয়, সংগ্রামী এবং ত্যাগী ও জনপ্রিয় প্রার্থীদেরই অগ্রাধিকার দিয়ে সমর্থন দেবে।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণ বা অরাজনৈতিক প্রতীকে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক দলগুলোর নিজেদের প্রার্থী নির্বাচন এবং তাদেরকে দলীয় সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে বিএনপি এমন ব্যক্তিদের বেছে নেবে, যারা বিগত বছরগুলোতে দলের সংকটকালে মাঠে ছিলেন এবং একই সঙ্গে স্থানীয় জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও জনপ্রিয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর শাহে আলম জানান,”স্থানীয় সরকারব্যবস্থা হলো তৃণমূলের উন্নয়নের মূল ভিত্তি। তাই স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি জনবান্ধব জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের সমর্থন দেওয়া আবশ্যক। দল বিগত ১৭ বছরের রাজপথের আন্দোলন-সংগ্রামে যাদের অবদান রয়েছে এবং যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকেই সমর্থন প্রদান করবে।”
তিনি আরও উল্লেখ করেন, তৃণমূলের মতামত ও স্থানীয় পর্যায় থেকে আসা তথ্যের ওপর ভিত্তি করেই দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল রাজনীতি আরও সুসংগঠিত হবে এবং ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়িত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিমন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট যে,স্থানীয় সরকারের এই নির্বাচনে দলীয় কোন্দল এড়াতে এবং মাঠপর্যায়ের পরীক্ষিত নেতাদের উৎসাহিত করতে বিএনপি যোগ্যতা ও জনপ্রিয়তাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে।


















