দৈনিক কালবেলার বরগুনা জেলা প্রতিনিধি আসাদ সবুজের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং গ্রেপ্তারের নামে অমানবিক আচরণের বিচারে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) বরগুনায় অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ দাবি জানানো হয়। নির্দিষ্ট সময়ে মুক্তি না দিলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।
জানা গেছে, সাংবাদিক আসাদ সবুজের ওপর অমানবিক আচরণ ও হেনস্তার অভিযোগে বরগুনার পুলিশ সুপার ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার কুদরত ই খুদা। পাশাপাশি, যে ভূমি সংক্রান্ত ঘটনার অনুসন্ধান চালাতে গিয়ে সাংবাদিক সবুজ চাঁদাবাজি মামলার শিকার হয়েছেন, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার অঙ্গীকার করে পুলিশ প্রশাসন।
শনিবার বিকেলে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বৈঠকের পর এসব তথ্য জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার কুদরত ই খুদা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিএমএসএফ-এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আরিফ রহমান ও আমির হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতা সুমন তালুকদার, রাহাদ সুমন, জামাল হোসেন খান এবং বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।
বৈঠকে সাংবাদিক নেতারা বলেন, দেশে গণমাধ্যমের ওপর নিপীড়ন, নির্যাতন ও মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি চলছে। দুর্নীতিবাজ ও স্বার্থান্বেষী গোষ্ঠী নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের ওপর আঘাত হানছে। তাঁরা স্মরণ করিয়ে দেন—গণমাধ্যম না বাঁচলে গণতন্ত্র বাঁচবে না। একই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, মামলাটি বিএমএসএফ-এর পক্ষ থেকে পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। আগামীকাল রোববার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





















