ঢাকার আশুলিয়ায় বাইরে থেকে তালাবদ্ধ একটি কক্ষের ভেতর থেকে তরিকুল ইসলাম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতকে ঘিরে ও ঘটনাস্থলের পারিপার্শ্বিক পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে নানা চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং এলাকায় আব্দুল আউয়াল কাজীর মালিকানাধীন একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিচতলার কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে তরিকুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এবং তা উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে, কক্ষ বাইরে থেকে তালাবদ্ধ থাকা এবং ঘটনার পর বাড়ির মালিক আব্দুল আউয়াল কাজীর অস্পষ্ট ভূমিকা ও আচরণ নিয়ে এলাকা জুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা নানা জল্পনা-কল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় “চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ”-এর বিপুল অর্থ আত্মসাতের একটি ঘটনা এবং পল্লী চিকিৎসকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগের সঙ্গে যুক্ত চক্রের সঙ্গে বাড়িওয়ালার যোগাযোগ রয়েছে। এসব অর্থনৈতিক ও সামাজিক বিরোধের সঙ্গে নিহতের মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে,এটি হত্যা নাকি আত্মহত্যা, সব দিক বিবেচনা করেই পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালানো হচ্ছে।











