সংবিধান সংশোধনের সময় প্রয়োজনে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের চলমান প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা প্রয়োজন কি না, তা নিয়ে নতুন করে চিন্তাভাবনার সুযোগ রয়েছে। এ বিষয়ে সরকার ও বিরোধী দল আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে শাহে আলম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করবে বলে জানান তিনি।
জাতীয় সংসদের শেষ অধিবেশনের দিনের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু ব্যক্তি দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপ ও থানায় অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।
তিনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করা হলেও তা সফল হবে না।
সরকারের অবস্থান ব্যাখ্যা করে শাহে আলম বলেন, বর্তমান সরকার গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী। অতীতের মতো গুম, হত্যা কিংবা গুলির মাধ্যমে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে চায় না সরকার। বরং ধৈর্য ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, কোনো এলাকার জনগণ যদি সেখানে সরকারি অফিস, থানা কিংবা উন্নয়ন কার্যক্রম না চায়, তাহলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যা ও গুমের মতো ঘটনার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সাম্প্রতিক ঘটনাগুলোও দলটির বিরুদ্ধে আনা অভিযোগের যৌক্তিকতাকে সামনে এনেছে বলে মন্তব্য করেন তিনি।




















