ইসরাইলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে নতুন কৌশলের কথা জানিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট। বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ সফল না হলে পার্লামেন্টের আরব দলগুলোর সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠনের সম্ভাবনাও বিবেচনায় রেখেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আইজেনকোট জানান, আগামী ৬ ডিসেম্বরের আগেই নতুন সরকার গঠনের প্রস্তাব পার্লামেন্ট নেসেটে তোলার পরিকল্পনা রয়েছে তার।
অন্যদিকে ইসরাইলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে বৃহত্তর ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ১২০ আসনের নেসেটে আইজেনকোটের জোট পেয়েছে ৪৮টি আসন। নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৫৩ এবং আরব দলগুলোর দখলে রয়েছে ১৯টি আসন।
এই হিসাব অনুযায়ী, আরব দলগুলোর সমর্থন ছাড়া আইজেনকোটের পক্ষে সরকার গঠন কঠিন হতে পারে। তবে তার নিজের জোটের মধ্যেও এ নিয়ে মতবিরোধ রয়েছে। শরিক দল ইসরাইল বেইতেইনুর নেতা আভিগদর লিবারম্যান স্পষ্ট জানিয়েছেন, আরব দলগুলোর সমর্থনে গঠিত কোনো সরকারকে তিনি ভোট দেবেন না।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও আপাতত সংখ্যালঘু সরকারের পরিবর্তে আইজেনকোটের নেতৃত্বে একটি বৃহত্তর ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন।
এ পরিস্থিতিতে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে আইজেনকোট বলেছেন, দেশের ভবিষ্যৎ বিবেচনায় প্রত্যেককে নিজেদের বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তারা নতুন সরকার গঠনের সুযোগ তৈরি করবেন, নাকি ইসরাইলকে আবারও নির্বাচনের দিকে নিয়ে যাবেন, সেই সিদ্ধান্ত এখন তাদেরই নিতে হবে।
অন্যদিকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পরিকল্পনার বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তার দাবি, এমন সরকার ইসরাইলের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
নেতানিয়াহুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে আইজেনকোট বলেছেন, রাজনৈতিক স্বার্থে ইরানকে ঘিরে উত্তেজনা ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে আরব জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে সরকার গঠনের আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আইজেনকোট। এ লক্ষ্যে হারেদি ও লিকুদ পার্টির সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।





















