বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে শুধু আইনগত ও সাংবিধানিক নিশ্চয়তা যথেষ্ট নয়; বিচারকদের ব্যক্তিগত সততা, নৈতিক সাহস এবং বিবেকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলে সিভিল জজ ও সমপর্যায়ের বিচারকদের ৫২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা কাগজে-কলমে প্রতিষ্ঠিত হলেও বিচারকরা যদি নিজেদের ন্যায়বোধ ও বিবেক অনুযায়ী দায়িত্ব পালন না করেন, তাহলে সেই স্বাধীনতার প্রকৃত সুফল পাওয়া সম্ভব নয়।
বিচারিক দায়িত্ব পালনের সময় কোনো ধরনের রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তিনি। তার মতে, একজন বিচারকের সবচেয়ে বড় জবাবদিহি নিজের বিবেকের কাছে। এ কারণে আর্থিক সততার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক সততা এবং স্বাধীনভাবে বিচারিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তোলা জরুরি।
বিচারকদের চিন্তাভাবনার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসাদুজ্জামান বলেন, আদালতের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শুধু প্রচলিত আইন ও পূর্ববর্তী নজির অনুসরণ করলেই চলবে না। মামলার প্রকৃত ঘটনা, সামাজিক বাস্তবতা এবং ন্যায়বিচারের বৃহত্তর স্বার্থও বিবেচনায় নিতে হবে।
তিনি আরও বলেন, নিম্ন আদালতের বিচারকদের দেওয়া রায় ও তার পেছনের যুক্তি অনেক সময় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ বিচারিক নির্দেশনার ভিত্তি হিসেবে কাজ করে। তাই প্রতিটি সিদ্ধান্তে বিচারকদের প্রজ্ঞা ও সুবিবেচনার পরিচয় দিতে হবে।
সমাজের পরিবর্তনশীল বাস্তবতার সঙ্গে আইনের প্রয়োগের সামঞ্জস্য রাখার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, কোনো ঘটনার আইনি ব্যাখ্যা দিতে গিয়ে ন্যায়বিচারের মূল উদ্দেশ্যকে উপেক্ষা করা যাবে না। একজন বিচারকের আইনি জ্ঞানের পাশাপাশি গভীর চিন্তাশক্তি ও দূরদর্শিতাও থাকা প্রয়োজন।
বিচারকদের পেশাগত মর্যাদা তুলে ধরে তিনি বলেন, বিচারকরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ প্রয়োগ করেন। তাই অন্য পেশার কর্মকর্তাদের সুযোগ-সুবিধার সঙ্গে নিজেদের তুলনা না করে বিচারিক দায়িত্বের স্বাতন্ত্র্য ও গুরুত্ব উপলব্ধি করতে হবে।
বিচারকদের নিরাপদ ও স্বাধীন পরিবেশে কাজ করার নিশ্চয়তার বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিচারিক সিদ্ধান্তের কারণে কোনো বিচারকের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা কিংবা আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা গ্রহণযোগ্য নয়। আদালতের শৃঙ্খলা ও বিচারকদের পেশাগত মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।
বিচার বিভাগের যেকোনো সংকটময় পরিস্থিতিতে আইন মন্ত্রণালয় বিচারকদের পাশে থাকবে বলে আশ্বাস দেন আসাদুজ্জামান। তবে কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
ব্যক্তিগত সম্পর্ক কিংবা পরিচয়ের চেয়ে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক মর্যাদা ও স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।
নতুন প্রজন্মের বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আগামী দুই দশকে বাংলাদেশের বিচার বিভাগকে আরও এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদের কাঁধেই থাকবে। বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনা এবং তা ধরে রাখতে বিচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগকে দায়িত্বশীল প্রহরীর ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা, সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা হকসহ আইন মন্ত্রণালয় ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান।





















