দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা বিতরণে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে নির্ধারিত ১২টি যোগ্যতার শর্তের মধ্যে অন্তত চারটি পূরণ করতে পারলে একটি পরিবারকে সহায়তার জন্য বিবেচনা করা হবে।
এ ছাড়া ভিজিএফ, সাধারণ ত্রাণ, খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘরবাড়ি নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে সুবিধাভোগীদের ডিজিটাল তথ্যভান্ডার তৈরি এবং ওয়ার্ড থেকে জেলা পর্যায় পর্যন্ত তালিকা প্রস্তুত ও যাচাইয়ের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে সহায়তা বিতরণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকা কিংবা সহায়তা নিয়ে কোনো অভিযোগ উঠলে ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
এসব বিধান যুক্ত করে ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা, ২০২৬’ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০১২-১৩ সালের পুরোনো নির্দেশিকা সংশোধন করে নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয় এবং ১০ নভেম্বর তা গেজেটে প্রকাশিত হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, স্বাভাবিক সময়ে দুস্থ ও অতিদরিদ্র পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, সাময়িক খাদ্যসংকটে থাকা জনগোষ্ঠী, অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মীয় উৎসব পালনে অসচ্ছল মানুষ এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এ সহায়তার আওতায় আসবেন।
এ ছাড়া বেদে ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠী এবং নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারও সহায়তা পেতে পারে। প্রয়োজন বিবেচনায় সরকার অন্য ব্যক্তি বা জনগোষ্ঠীকেও কর্মসূচির অন্তর্ভুক্ত করতে পারবে।
১২টি যোগ্যতার মধ্যে চারটি পূরণ বাধ্যতামূলক
দুস্থ ও অতিদরিদ্র পরিবার শনাক্ত করতে ১২টি মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত চারটি শর্ত পূরণ করলেই সংশ্লিষ্ট পরিবারকে মানবিক সহায়তার যোগ্য হিসেবে বিবেচনা করা হবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে বসতভিটা ছাড়া অন্য কোনো কৃষিজমি না থাকা, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল হওয়া, পরিবারের প্রধান উপার্জনকারী নারী হওয়া অথবা ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীলতা।
এ ছাড়া পরিবারে উপার্জনক্ষম প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকা, স্কুলে পড়ুয়া শিশুকে পরিবারের খরচ চালাতে কাজে পাঠাতে বাধ্য হওয়া এবং স্থায়ী আয়ের কোনো সম্পদ না থাকাও বিবেচনায় নেওয়া হবে।
স্বামী পরিত্যক্তা, বিচ্ছিন্ন বা তালাকপ্রাপ্ত নারীর অসচ্ছল পরিবার, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্য, প্রতিবন্ধী সদস্য থাকা এবং অন্য কোনো নিয়মিত সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা না পাওয়াও যোগ্যতার তালিকায় রয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে চরম খাদ্য বা অর্থসংকটে পড়া এবং বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার জোগাড় করতে না পারা পরিবারকেও সহায়তার জন্য বিবেচনা করা হবে।
ভিজিএফে মিলবে সর্বোচ্চ ৩০ কেজি চাল বা গম
নতুন নির্দেশিকা অনুযায়ী, ভিজিএফ কর্মসূচির আওতায় একটি পরিবারকে সর্বোচ্চ ৩০ কেজি চাল অথবা গম দেওয়া যাবে। স্বাভাবিক সময়ে খাদ্য কিনতে অক্ষম পরিবার, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং কৃষি বা অন্যান্য ক্ষেত্রে কর্মহীন মৌসুমে খাদ্যসংকটে পড়া জনগোষ্ঠী এ সুবিধা পাবেন।
জনস্বার্থে বিশেষ পেশার মানুষকে সাময়িকভাবে কাজ থেকে বিরত রাখার প্রয়োজন হলেও তাদের খাদ্যসহায়তা দেওয়া যাবে।
নতুন কোনো মহামারির কারণে বিভিন্ন পেশার মানুষ কর্মহীন হয়ে পড়লে পরিবারপ্রতি মাসে ২০ থেকে ৩০ কেজি চাল বা গম কিংবা ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার বিধান রাখা হয়েছে।
অপুষ্টির ঝুঁকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন শিক্ষার্থীপ্রতি ৫০ গ্রাম সয়া প্রোটিন, ১০০ গ্রাম সয়া দুধ অথবা সরকার নির্ধারিত বিকল্প খাদ্য সরবরাহ করা যাবে।
দুর্যোগে মৃত্যু হলে পরিবার পাবে ৫০ হাজার টাকা
দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক আর্থিক সহায়তার পরিমাণও নির্ধারণ করেছে সরকার।
নতুন নিয়মে দুর্যোগে কারও মৃত্যু হলে তার পরিবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাবে। আহত ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা, মসজিদ, মন্দির, প্যাগোডা, কিয়াং, পাঠাগার ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামতে সর্বোচ্চ ২০ হাজার টাকা সহায়তা দেওয়া যাবে। বিশেষ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে এই অর্থের পরিমাণ ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো সম্ভব।
গবাদিপশু মারা গেলে গরু বা মহিষের জন্য সর্বোচ্চ ২৫ হাজার এবং ভেড়া বা ছাগলের জন্য পাঁচ হাজার টাকা সহায়তার সুযোগ রাখা হয়েছে। আহত পশুর চিকিৎসার জন্যও অর্থ বরাদ্দ দেওয়া যাবে।
এ ছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং চরাঞ্চলের স্কুল-কলেজপড়ুয়া মেয়েদের সাইকেল কেনার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা দেওয়া যাবে।
শিশুখাদ্য ও পশুখাদ্যে আলাদা বরাদ্দ
দুস্থ ও অতিদরিদ্র পরিবারের শিশুদের খাবার কেনার জন্য বছরে একবার সর্বোচ্চ তিন হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এই অর্থ দিয়ে দুধ, হরলিক্স, সাগু, সুজি, বার্লি, চিনি ও নুডলসসহ প্রয়োজনীয় খাদ্য কেনা যাবে।
অন্যদিকে গবাদিপশুর খাবার কেনার জন্য অসচ্ছল পরিবার বছরে একবার সর্বোচ্চ দুই হাজার টাকা পাবে। খৈল, ভুসি, খড়, কুড়ো ও ঘাসসহ বিভিন্ন ধরনের পশুখাদ্য কেনায় এ অর্থ ব্যয় করা যাবে।
শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। একজনকে একটি কম্বল, চাদর বা কমফোর্টার দেওয়া যাবে। একটি পরিবার সর্বোচ্চ দুটি শীতবস্ত্র পাবে। অন্যান্য বস্ত্র ব্যক্তিপ্রতি একটি এবং পরিবারপ্রতি সর্বোচ্চ তিনটি দেওয়া যাবে।
তীব্র শীত, কুয়াশা কিংবা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি করে তারপলিন বা তাবু দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে আগের বছর একই ধরনের সরকারি সহায়তা পাওয়া ব্যক্তি বা পরিবার পরবর্তী সময়ে আবার সেই সুবিধা পাওয়ার যোগ্য হবে না।
ঘর নির্মাণে ছয় বান্ডিল পর্যন্ত ঢেউটিন
অসহায় মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও অতিদরিদ্র মানুষের ঘর নির্মাণে সর্বোচ্চ ছয় বান্ডিল ঢেউটিন দেওয়ার বিধান রাখা হয়েছে। ঘর পুনর্নির্মাণের ক্ষেত্রে সর্বোচ্চ চার বান্ডিল দেওয়া যাবে। সাধারণভাবে ১০ বছরে একবার এই সুবিধা পাওয়া যাবে।
দুর্যোগে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি বা স্বনির্মিত দোকান মেরামতে সর্বোচ্চ দুই বান্ডিল এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া যাবে। বিশেষ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তা পাঁচ বান্ডিল পর্যন্ত বাড়ানো সম্ভব।
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সর্বোচ্চ ১৫ বান্ডিল এবং অন্যান্য নিবন্ধিত প্রতিষ্ঠানের জন্য সাত বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া যাবে।
নগদ সহায়তার ক্ষেত্রে আংশিক ক্ষতিগ্রস্ত ঘর মেরামতে পরিবারপ্রতি সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাওয়া যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও নিবন্ধিত সামাজিক প্রতিষ্ঠানের মেরামত বা পুনর্নির্মাণে সর্বোচ্চ এক লাখ টাকা সহায়তা দেওয়া সম্ভব হবে। সরকারি জিআর কর্মসূচির আওতায় ঢেউটিন পাওয়া পরিবারকে প্রতি বান্ডিলের বিপরীতে ছয় হাজার টাকা করে দেওয়ার বিধান রয়েছে। এই সুবিধাও ১০ বছরে একবার পাওয়া যাবে।
সুবিধাভোগীর তালিকা তৈরিতে একাধিক ধাপ
নতুন নির্দেশিকায় প্রকৃত উপকারভোগী নির্বাচন করতে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত কয়েকটি ধাপে যাচাই-বাছাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথমে ওয়ার্ডভিত্তিক বাস্তবায়ন কমিটি গ্রাম ও পাড়া পর্যায়ে দুস্থ এবং অতিদরিদ্র পরিবারের তালিকা তৈরি করবে। এরপর ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের কমিটি সেই তালিকা যাচাই করে অনুমোদনের জন্য পাঠাবে।
ইউনিয়ন পর্যায়ের তালিকা উপজেলা কমিটি এবং পৌরসভার তালিকা জেলা প্রশাসক অনুমোদন করবেন। পরবর্তী সময়ে জেলা পর্যায়ে সব উপজেলার তথ্য একত্র করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে পাঠানো হবে। অধিদপ্তর দেশের সব জেলার তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রণালয়ে জমা দেবে।
দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষতিগ্রস্ত এলাকার বিস্তৃতি এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনা করেই সহায়তার বরাদ্দ নির্ধারণ করবে মন্ত্রণালয়।
তালিকায় নাম না থাকলে কিংবা সহায়তা নিয়ে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ইউনিয়ন বা পৌরসভা কমিটির সভাপতির কাছে আপত্তি জানানো যাবে। ইউনিয়ন কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌরসভা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে পুনর্বিবেচনার আবেদন করা যাবে। অভিযোগ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।
বরাদ্দ পাওয়ার সাত দিনের মধ্যে বিতরণ শেষ করতে হবে
নির্দেশিকায় বলা হয়েছে, বরাদ্দ পাওয়ার সাত কর্মদিবসের মধ্যেই সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দিতে হবে। বিতরণ কার্যক্রম শেষ হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।
স্বজনপ্রীতি ও দুর্নীতি ঠেকাতে ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে ট্যাগ অফিসার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়তা বিতরণে বিশেষ ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা যাবে।
চূড়ান্তভাবে অনুমোদিত সুবিধাভোগীদের তথ্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজিস্ট্রারে সংরক্ষণ করবেন। পাশাপাশি কম্পিউটারে নিকষ বা ইউনিকোড ফন্টে তথ্য সংরক্ষণ করতে হবে। মন্ত্রণালয়ের এসএনএসপি ও এমআইএসের মাধ্যমে তথ্য প্রকাশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা হবে।
স্বচ্ছতা ও সহায়তার পরিমাণ বাড়ানোর লক্ষ্য
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ কর্মসূচি শাখার যুগ্ম সচিব সেখ ফরিদ আহমেদ জানিয়েছেন, নতুন নির্দেশিকায় বিভিন্ন ধরনের সহায়তার পরিমাণ ও আওতা বাড়ানো হয়েছে।
তিনি জানান, আগে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঢেউটিনের প্রতি বান্ডিলের বিপরীতে তিন হাজার টাকা দেওয়া হতো। নতুন নিয়মে তা বাড়িয়ে সর্বোচ্চ ছয় হাজার টাকা করা হয়েছে। একইভাবে আগে সর্বোচ্চ দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার বিধান থাকলেও এখন তা ছয় বান্ডিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
ভিজিএফসহ অন্যান্য মানবিক সহায়তা কর্মসূচির পরিধিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। তার মতে, নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত অসহায় মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া।
তবে নির্দেশিকার কার্যকারিতা অনেকটাই নির্ভর করবে মাঠপর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের ওপর। নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হলে যোগ্য ব্যক্তিরাই সরকারি সহায়তার সুবিধা পাবেন বলে আশা করছে মন্ত্রণালয়।





















