জাতীয় ঐক্য, গণতান্ত্রিক জবাবদিহি এবং শক্তিশালী সশস্ত্র বাহিনীর সমন্বয় থাকলে বাংলাদেশকে কোনো শক্তিই অন্যের ওপর নির্ভরশীল রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেছেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার নানা ষড়যন্ত্র হয়েছে। তবে প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ সরকার এবং সশস্ত্র বাহিনী যদি ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় একসঙ্গে কাজ করে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলার সাহস পাবে না।
দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা নিজেদের জীবন ও রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় ভূমিকা রেখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রের সামনে দুটি বড় দায়িত্ব রয়েছে। প্রথমটি হলো যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। দ্বিতীয়টি হলো শহীদদের প্রত্যাশা অনুযায়ী নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনী দিবসের ইতিহাস তুলে ধরলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধের মধ্য দিয়েই এই বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ময়দানে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ পরিচালনা করে। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন।
জিয়াউর রহমানের বিভিন্ন লেখার উদ্ধৃতি দিয়ে তারেক রহমান বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ও সক্ষমতা নিয়ে বক্তব্য
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান ও সামরিক সক্ষমতার অন্যতম প্রতীক হলো তার সশস্ত্র বাহিনী। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের সার্বভৌমত্ব দুর্বল করার চেষ্টা হয়েছে।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা প্রতিহত করেছিল। তবে ষড়যন্ত্রকারীরা পরবর্তী সময়েও থেমে থাকেনি।
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহের নামে সেনা সদস্যদের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তার পর বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ঘটনার প্রভাব ও পরিস্থিতি দেশের মানুষের অজানা নয়।
সশস্ত্র বাহিনীকে আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিন বাহিনীর পৃথক সক্ষমতাকে একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি জানান, এ লক্ষ্যেই সরকার নতুন প্ল্যানিং গাইডেন্স তৈরি করেছে।
বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় শুধু প্রচলিত সামরিক শক্তির ওপর নির্ভর করলে চলবে না। সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো ক্ষেত্রেও সক্ষমতা অর্জন করতে হবে।
সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বজায় রাখতে চেইন অব কমান্ডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থা অর্জনের বিকল্প নেই।
২০৩০ সালের মধ্যে চালু হবে ওয়ান র্যাংক, ওয়ান পেনশন
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত উন্নয়নের পাশাপাশি তাদের পরিবারের জীবনমান উন্নয়নের বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সামরিক বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
এ সময় ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন তারেক রহমান। বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
দেশে ও বিদেশে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা
দেশের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের ধন্যবাদ জানান তিনি।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যদের অবদানের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন তিনি।
পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনের পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সামরিক সদস্য জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন।
দেশ ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিভিন্ন দেশ ও তাদের জনগণের অবদানের কথা স্মরণ করে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সেনানিবাসে এসে মায়ের স্মৃতিচারণ
বক্তব্যের শুরুতে ঢাকা সেনানিবাসে এসে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তার মা বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তার মায়ের জীবনের শেষ অংশগ্রহণ।
বক্তব্যের একপর্যায়ে প্রয়াত মায়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।





















