সর্বশেষ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের ঐতিহাসিক রায়, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটেনি

অনলাইন ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর ২০১৭ সালের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক সিদ্ধান্ত নতুন করে আশার আলো দেখিয়েছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের। তবে আদালতের এই রায়ের পরও নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না তারা।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে মিয়ানমার সীমান্তসংলগ্ন শরণার্থী শিবিরগুলোতে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসবাস। আইসিজের সিদ্ধান্তকে তারা ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন। তবে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যের অস্থিতিশীল পরিস্থিতি প্রত্যাবাসনের পথে বড় বাধা হয়ে রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, আদালতের এই সিদ্ধান্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়ক হবে। শুক্রবার (২০ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করবে বাংলাদেশ। তার প্রত্যাশা, বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে প্রত্যাবাসনের পথ তৈরি হতে পারে।

তবে সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, অতীতেও একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, যৌন সহিংসতা ও অগ্নিসংযোগের মতো গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদে ফেরার নিশ্চয়তা পাওয়া সহজ হবে না।

মিয়ানমারের স্বাধীন বিশ্লেষক সাই কি জিন সো মনে করেন, আদালতের নির্দেশনায় নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়নের সম্ভাবনা সীমিত। বিশেষ করে দেশটির চলমান সংঘাত পরিস্থিতি এ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।

এদিকে মিয়ানমার সরকার শুক্রবার জানিয়েছে, আইসিজের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। তাদের দাবি, দেশটির বিরুদ্ধে অন্যায্যভাবে অভিযোগ আনা হয়েছে।

রাখাইনে নতুন সংঘাত, পাল্টেছে পরিস্থিতি

৬ ডিসেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের পরিকল্পনা আইজেনকোটের, বিকল্প হিসেবে সংখ্যালঘু জোট

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের সময় প্রাণ বাঁচাতে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। এরপর ২০২৩ সালের শেষ দিকে রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে আরও বহু মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

বর্তমানে রাখাইন রাজ্যের বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। অথচ রোহিঙ্গাদের বড় অংশের আদি নিবাস এই অঞ্চলেই। রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ থাকা এই সংগঠনটি আইসিজের রায় নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

মিয়ানমার গত আগস্টে জানিয়েছিল, বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে তারা রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে। তবে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যাবাসন শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছিল দেশটি।

বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০১৭ সালের আগে রাখাইনে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করতেন। বর্তমানে সেখানে তাদের সংখ্যা প্রায় ৬ লাখ। এর মধ্যে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুতদের শিবিরে অবস্থান করছেন।

দীর্ঘদিন ধরেই রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে দেশটির কর্তৃপক্ষ। তাদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করা হলেও রোহিঙ্গা পরিবারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইন অঞ্চলে বসবাস করে আসছে।

আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লিওয়া মনে করেন, নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়। রাখাইনের রাজধানী সিত্তের বাস্তুচ্যুত শিবিরে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়েছেন তিনি।

বাংলাদেশের ওপর বাড়ছে চাপ

সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার দায়ে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড

অর্থনৈতিক চাপের মধ্যেই বিপুলসংখ্যক রোহিঙ্গার ভরণপোষণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ। শরণার্থী শিবিরে বসবাসরত এসব মানুষের কর্মসংস্থানের সুযোগও সীমিত। ফলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনকে দীর্ঘদিন ধরে সংকট সমাধানের প্রধান উপায় হিসেবে দেখছে ঢাকা।

আইসিজের রায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করলেও বাস্তবে প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে রাখাইনের নিয়ন্ত্রণে থাকা আরাকান আর্মির বিষয়টিও বিবেচনায় রাখতে হবে বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা রিচার্ড হর্সি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনকালে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা জোরদার করা হবে।

তবে শরণার্থীদের জন্য মানবিক সহায়তার অর্থসংকটও বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে রোহিঙ্গাদের সহায়তায় প্রয়োজনীয় ৭১০ মিলিয়ন ডলারের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬৯ শতাংশ অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

অন্যদিকে মালয়েশিয়াতেও রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা বাড়ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ সেখানে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৩৩ হাজার ৪০০। এরই মধ্যে দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।

বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ২৪ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ যুবায়েরের কাছে আইসিজের রায় নতুন আশার বার্তা। তিনি মনে করেন, শুধু নির্যাতনের স্বীকৃতি নয়, একদিন নিজের পূর্বপুরুষের ভিটায় স্বাধীনভাবে বসবাস করার অধিকার ফিরে পাওয়াই রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রত্যাশা।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২১ নভেম্বর ২০২৬
Trulli

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের ঐতিহাসিক রায়, প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটেনি