ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। উদ্ধারকৃত এ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে র্যাব-৪-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল সাভারের ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগাবাড়ী বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক লেনদেনের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে শাহিন ও বাবুলকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক এনে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
এ বিষয়ে র্যাব-৪-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











