ভারতের রাজধানী দিল্লির সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।বুধবার বিকেলে ভবন ধসের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।
ধসে পড়া ভবনের চারপাশে বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখছেন।ঘটনার পর ওই এলাকায় যান চলাচলও ব্যাহত হয়েছে। উদ্ধারকারী দল ও জরুরি সেবার গাড়িগুলো যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য সড়কটি এড়িয়ে চলতে সাধারণ মানুষকে অনুরোধ করেছে দিল্লি ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমাপুরী গোলচত্বর, ডিএলএফ ভোপুড়া ও আশপাশের এলাকায় যান চলাচলে প্রভাব পড়েছে।
ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে উদ্ধারকাজ দেখতে ঘটনাস্থলের আশপাশে জড়ো হন।তবে ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।উদ্ধার অভিযান শেষ হওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।










