“মাদককে রুখব, সুস্থ সমাজ গড়ব”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের মিরপুর যুবসমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রীতি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) স্থানীয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও গঠনমূলক সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক,বিশিষ্ট সমাজসেবক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং মানবতার ফেরিওয়ালা হাজী মো.আব্দুস সাত্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কার্যক্রমের শুভসূচনা হয়। আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এলাকার মুরুব্বি, অভিভাবক ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মো.আব্দুস সাত্তার বলেন,“মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের আজকের প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলা এবং সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। মিরপুর যুবসমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। যুবসমাজ সঠিক পথে থাকলে দেশ ও জাতি উপকৃত হবে। আব্দুস সাত্তার ফাউন্ডেশন সবসময় এলাকার তরুণদের গঠনমূলক কাজের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি,মুরুব্বি ও এলাকার উদীয়মান যুবসমাজ উপস্থিত ছিলেন। খেলাধুলা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।


















