প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আরও সহজ করতে ‘মিউজ’ নামে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাসিস্ট্যান্ট চালু করেছে। ই-মেইল পাঠানো, ভ্রমণের পরিকল্পনা তৈরি, অনলাইনে কেনাকাটা এমনকি গাড়ি বিক্রির মতো কাজেও সহায়তা করতে পারবে এই এআই এজেন্ট। মেটা জানিয়েছে, ‘পার্সোনাল সুপার-ইন্টেলিজেন্স’ বা ব্যক্তিগত অতি-বুদ্ধিমত্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মিউজকে তৈরি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আলাদা একটি অ্যাপের মাধ্যমে এ সেবা নিতে পারবেন। ভবিষ্যতে মেটার স্মার্ট গ্লাসেও প্রযুক্তিটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মিউজের বিশেষত্ব হলো, এটি শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীর অনুমতি নিয়ে ই-মেইল, ক্যালেন্ডার, পেমেন্ট, ভ্রমণের টিকিট বুকিং, কেনাকাটা ও স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন অ্যাপের সঙ্গে সংযুক্ত হয়ে বাস্তব কাজ সম্পন্ন করতে পারবে। প্রয়োজনে ব্রাউজার চালু করা, অনলাইন ফরম পূরণ এবং দরকষাকষির কাজেও সহায়তা দেবে।
এআই অ্যাসিস্ট্যান্টটি ক্লাউডভিত্তিক ভার্চুয়াল পরিবেশে কাজ করে। ফলে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চললেও ব্যবহারকারী অ্যাপ বন্ধ করে রাখতে পারবেন। কাজের অগ্রগতি বা চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হলে মিউজ তাঁকে জানাতে পারবে।
তবে ব্যক্তিগত অ্যাপ ও তথ্য ব্যবহারের সুযোগ থাকায় এ প্রযুক্তি নিয়ে নিরাপত্তা ও গোপনীয়তার প্রশ্নও উঠেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে মেটার কর্মীদের পরীক্ষামূলক ব্যবহারে মিশ্র অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে।
মেটার এক মুখপাত্র জানিয়েছেন, সাধারণ ব্যবহারকারীরা বিনামূল্যে মিউজ ব্যবহার করতে পারবেন। তবে অধিক ব্যবহারের জন্য ভবিষ্যতে সাবস্ক্রিপশন সুবিধা চালু করা হতে পারে।
মেটার প্রত্যাশা, ব্যক্তিগত এআই এজেন্ট মানুষের দৈনন্দিন কাজের বড় একটি অংশ সামলে দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার সুযোগ তৈরি করবে। মিউজকে সেই লক্ষ্য অর্জনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।














