দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ১৬৭ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন চারজন।সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগী শনাক্ত হওয়ার ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। আর নতুন চারজনের মৃত্যু নিয়ে এ বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বছরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকলেও বর্ষা মৌসুমের পর পরিস্থিতির অবনতি ঘটে। জুনে ২ হাজার ৯০৬ জন এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন আক্রান্ত হন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৫৩৬ জনে। সেপ্টেম্বরে আক্রান্ত হন ৪৩ হাজার ৭৭৪ জন।
চলতি অক্টোবরেও সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১২ দিনেই নতুন করে ২১ হাজার ৮২২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে এ রোগে ৬২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এ বছরের অন্যান্য মাসের মধ্যে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন আক্রান্ত হন। মৃত্যুর হিসাবে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জুনে প্রাণ হারান ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৫ হাজার ৩৩১ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন।সংক্রমণ বাড়তে থাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি।














