নরসিংদীর শিবপুর উপজেলায় প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, বিদেশি পিস্তল ও গুলিসহ চারজনকে এবং ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) দিনব্যাপী নরসিংদীর শিবপুর ও সদর উপজেলা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
সোমবার শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত ‘শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’-এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। বৈধ লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানকালে উপস্থিত থেকে সহযোগিতা করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এবং শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম।
শিবপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।প্রথম অভিযানে শিবপুর মডেল থানার এসআই আবদুল্লাহ আল মামুন পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের হাবিব মোল্লার ছেলে মো. মাসুদ মিয়া (২৩) এবং আইয়ুবপুর ইউনিয়নের শাষকুর গ্রামের সবুজ মিয়ার ছেলে শুভ মিয়াকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ২২, তারিখ: ১২-১০-২০২৬ ইং)।দ্বিতীয় অভিযানে এসআই আব্দুল কাইয়ুম কামারগাঁও কান্দাপাড়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেন। তারা হলেন— নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল (২৬) এবং তার সহযোগী হারুনুর রশিদের ছেলে আলমগীর হোসেন ওরফে আলম (৪৮)। উভয়ের বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও কান্দাপাড়া গ্রামে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে নরসিংদীর শহরতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে চার রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
গ্রেফতারকৃতরা হলেন— শহরের পূর্ব দত্তপাড়া এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন (২৯) ওরফে শখূ এবং সদর উপজেলার হাজীপুর গ্রামের সুভাষ চন্দ্র সরকারের ছেলে ভজন চন্দ্র সরকার (৩৮)। গ্রেফতারকৃত সাখাওয়াত হোসেনের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে।













