ইয়েমেনের পশ্চিমাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হুতি গোষ্ঠী এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা।রোববারের হামলায় মোখা বন্দরের জেটি, বিভিন্ন ভবন, বাণিজ্যিক পণ্য ও খাদ্যসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে তাইজ প্রদেশের মোখা শহরের আবাসিক এলাকাতেও কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারি কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, হামলায় কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন। তাঁর এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী ফাইয়াদ আলনোমান জানান, হামলার সময় শহরের আকাশে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার দায় স্বীকার করে বলেন, মোখা এলাকায় সৌদি সামরিক অবস্থান ও অস্ত্রের গুদাম লক্ষ্য করেই অভিযান চালানো হয়। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বাব আল-মান্দাব প্রণালির কাছে অবস্থিত মোখা বন্দরটি আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের কাছাকাছি এই বন্দর বর্তমানে ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
২০১৪ সালে ইয়েমেনে সংঘাত শুরুর পর থেকে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সংঘাত কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্রন্টে আবারও উত্তেজনা বেড়েছে।














