বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের ৫ মার্চ থেকে দুই দেশের মধ্যে সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান।নতুন সমঝোতা কার্যকর হলে দুই দেশের মধ্যে অনুমোদিত সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইট ৪৯টি থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়াবে। এর পাশাপাশি সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগও থাকবে। এতে হজ ও ওমরাহ মৌসুমে অতিরিক্ত যাত্রীচাপ সামলানোর পাশাপাশি আসন সংকট কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতও এর ফলে আরও সহজ হতে পারে। একই সঙ্গে এয়ারলাইনগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়লে বিমানভাড়া কমার সম্ভাবনাও দেখছে বেবিচক।নতুন ব্যবস্থায় ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা যাবে। কার্গো ফ্লাইট বাড়ায় তৈরি পোশাক ও কৃষিপণ্যসহ দেশের রপ্তানি পণ্য সৌদি আরবে পাঠানোর সুযোগও বাড়বে।
সমঝোতায় কোড-শেয়ারিং, পঞ্চম স্বাধীনতা ট্রাফিক অধিকার, কো-টার্মিনালাইজেশন এবং ওয়েট লিজের মাধ্যমে উড়োজাহাজ ব্যবহারের সুবিধা রাখা হয়েছে। বেবিচক চেয়ারম্যানের আশা, এতে সৌদিগামী যাত্রীদের ট্রানজিট নির্ভরতা কমবে।এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে পুরোনো দুই টার্মিনালের একটি হজযাত্রীদের জন্য ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।















