বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিও শিগগির ঘোষণা হতে পারে। সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটেও নতুন নেতৃত্ব আনার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। দলীয় সূত্রের দাবি, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এক বছরের জন্য গঠিত ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। তবে রাজনৈতিক ও সাংগঠনিক নানা কারণে প্রক্রিয়াটি পিছিয়ে যায়।
আলোচনায় যাদের নাম
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২০১৩-১৪ সেশনের কয়েকজন নেতা আলোচনায় রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান ও গাজী মোহাম্মদ আল-আমিন এবং সহ-সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।
২০১৪-১৫ সেশন থেকে বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলমের নামও আলোচনায় রয়েছে।
এ ছাড়া ২০১৫-১৬ সেশন থেকে যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান এবং ২০১৬-১৭ সেশন থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, প্রচার সম্পাদক তানভীর হাসান ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের নাম সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।
২০১৭-১৮ সেশনের আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক এবং ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফও আলোচনায় রয়েছেন।
নেতৃত্ব নির্বাচনে গুরুত্ব পাবে যেসব বিষয়
ছাত্রদলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের ভাষ্য, এবার নেতৃত্ব বাছাইয়ে কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ, দলের প্রতি আনুগত্য, ব্যক্তিগত ভাবমূর্তি এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা।
নিয়মিত শিক্ষার্থী ও বিতর্কমুক্ত নেতাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও কেন্দ্রীয় নেতৃত্ব গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
পদপ্রত্যাশী জসিম খান বলেন, নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে মেধা, ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সমন্বয়ে নেতৃত্ব গড়ে তোলার প্রত্যাশা রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কাছে নির্ভরযোগ্য ও অনুকরণীয় নেতৃত্ব প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
দলীয় সূত্রের দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। ফলে এবার আগের মতো গ্রুপভিত্তিক কমিটি হওয়ার সম্ভাবনা কম। এ কারণে শেষ মুহূর্ত পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ রয়েছে।










