বলিউড ধাঁচের সিনেমা বা তথ্যচিত্র নির্মাণ করে যুদ্ধের বাস্তবতা আড়াল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের একটি তথ্যচিত্রের সমালোচনা করে এমন মন্তব্য করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
পাকিস্তানের দাবি, সামরিক ব্যর্থতা স্বীকার না করে ভারত নাটকীয় উপস্থাপনার মাধ্যমে যুদ্ধের ইতিহাসকে নিজেদের পক্ষে তুলে ধরার চেষ্টা করছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, তথ্যচিত্রটিতে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে ঘটনাকে একতরফা সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী এটিকে একই সঙ্গে ‘ট্র্যাজেডি ও কমেডি’ হিসেবে বর্ণনা করেছে।
পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মারকা-ই-হক’ ও তাদের পাল্টা অভিযান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’-এর নথি, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন এবং ভারতের নিজস্ব বক্তব্যই যুদ্ধের প্রকৃত চিত্র বোঝার জন্য যথেষ্ট।
আইএসপিআরের দাবি, ভারতের একাধিক সামরিক বিমান ভূপাতিত হওয়া এবং ২৬টি সামরিক স্থাপনায় হামলার মতো ঘটনাকে কোনো ধরনের সিনেমাটিক উপস্থাপনা দিয়ে মুছে ফেলা সম্ভব নয়।
পাকিস্তানের সেনাবাহিনী আরও বলেছে, ভবিষ্যতে এ ধরনের কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে।













