ঢাকার আশুলিয়ার জামগড়া মোল্লাপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি টিনশেড বাড়ির মোট ৮টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তিনটার দিকে জামগড়া গাজীরচট মোল্লাপাড়া এলাকার প্রবাসী শফিকুল ইসলামের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের একটি কক্ষে হঠাৎ আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের কক্ষগুলোতে আগুন লেগে যায়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার আগেই ৮টি কক্ষের ফ্রিজ, টেলিভিশন, সোনার গয়না, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া পোশাক শ্রমিক রফিক হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মাস শেষে জমানো নগদ ২০ হাজার টাকা আর ঘরের সমস্ত মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। এখন আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। খবর পাওয়ার পরপরই আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ৮টি কক্ষের আনুমানিক ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
এদিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের সহায়তার আকুতি জানিয়েছেন।











