রাজধানীর সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা রক্ষায় টেকসই ও সমন্বিত সমাধানের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি স্পষ্ট করেছেন যে, ফুটপাত ও সড়ক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কেবল উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং তাদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণ করে ব্যবসার সুযোগ দিতে হবে।
বুধবার (৩০সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাঁটার ফুটপাত ও চাঁদাবাজির চিত্র::পরিদর্শনকালে ডা.শফিকুর রহমান বলেন,”রাস্তা যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত মানুষের স্বাচ্ছন্দ্যে হাঁটার জন্য। কিন্তু আমাদের সামাজিক শৃঙ্খলার অভাবে ফুটপাত ও রাস্তায় ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।”
ক্ষুদ্র ব্যবসায়ীদের মানবিক ও অর্থনৈতিক দুর্ভোগের কথা উল্লেখ করে ঢাকা-১৫ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে এসে জীবিকার তাগিদে মানুষ এসব ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হন। কিন্তু অভিযোগ রয়েছে, তাদের অনেককেই বিভিন্ন পর্যায়ে অবৈধ চাঁদা দিয়ে ব্যবসা চালাতে হয়। এই চাঁদাবাজির অবসান ঘটিয়ে তাদের জন্য স্থায়ী বা নির্ধারিত স্থানে ব্যবসার পরিবেশ তৈরি করা প্রয়োজন।
সিটি কর্পোরেশন ও সমন্বিত পরিকল্পনার প্রস্তাব:নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে দিতে হবে। সেখানে তারা সুশৃঙ্খলভাবে ব্যবসা করবেন এবং সিটি কর্পোরেশন সেখান থেকে যৌক্তিক হারে ট্যাক্স আদায় করবে। তবে এর বিপরীতে কোনো ধরনের অনৈতিক লেনদেন বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।
মিরপুর এলাকায় সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দখলদারির প্রসঙ্গ তুলে ধরে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যারা অপরাধের সাথে জড়িত, তাদের দলমত নির্বিশেষে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
সবশেষে তিনি দেশবাসীকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান এবং চাঁদাবাজিমুক্ত, পরিচ্ছন্ন ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় পরিদর্শনকালে বিরোধীদলীয় নেতার সাথে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম,কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

















