মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা ফুটবলারের পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের তরুণ মিডফিল্ডার কাভান সুলিভান।জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের বয়স এখন মাত্র ১৭ বছর ২ দিন। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে সেপ্টেম্বরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন।
এর আগে ২০২০ সালের আগস্টে অরল্যান্ডো সিটির ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে এমএলএসের মাসসেরা খেলোয়াড় হয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে প্রায় তিন বছর কম বয়সেই নতুন মাইলফলক গড়লেন কাভান।সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার হয়ে কাভান চারটি গোল করার পাশাপাশি পাঁচটি গোলে সহায়তা করেছেন। অর্থাৎ এক মাসে তার সরাসরি অবদান ছিল মোট নয় গোলে, যা ওই মাসে লিগের সর্বোচ্চ।
এখানেই থেমে নেই তার রেকর্ড। সর্বশেষ টানা আট ম্যাচে গোল করা অথবা সতীর্থকে দিয়ে গোল করানোর কৃতিত্ব দেখিয়েছেন তিনি। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর ফুটবলার এর আগে এমন ধারাবাহিকতা দেখাতে পারেননি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত কাভানের গোল সাতটি এবং অ্যাসিস্ট ১২টি। সব মিলিয়ে ১৯ গোলে অবদান রেখেছেন তিনি। এক মৌসুমে কোনো টিনএজ খেলোয়াড়ের গোল-অ্যাসিস্ট মিলিয়ে এটি লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবদান।এরই মধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও অভিষেক হয়েছে কাভানের। মাত্র ১৬ বছর বয়সেই জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে তিনি আলোচনায় এসেছিলেন।











