ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের দায়িত্বে থাকা এসআই (নিঃ) শেখ মো. মাসুদ আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে জোরপুল এলাকায় অভিযান চালিয়ে রায়হান ইসলামকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৪০০ গ্রাম ওজনের ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুল ও রাশেদা বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, গ্রেফতার রায়হানের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে। তিনি পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।












