ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।বুধবার (৭ অক্টোবর) ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।মামলার অভিযোগ ও আদালতের নথি অনুযায়ী, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি শফিকুল ইসলামের ওপর হামলা চালানো হয়। চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে থাকা অবস্থায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতের ভাই রফিকুল ইসলাম নান্দাইল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছিল।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আদালত তিন ভাই—মোজাaম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়াকে মৃত্যুদণ্ড দেন।এ ছাড়া আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে অতিরিক্ত এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে এ রায় দেওয়া হয়।মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন বলে মামলার সংশ্লিষ্টরা জানিয়েছেন।










