রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।অভিযোগ অনুযায়ী, গত ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।
ঘটনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ-উজ-জামান কোরবান, দৈনিক আগামীর সময়ের জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল ও দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজুসহ অন্তত ১০ জন আহত হন বলে সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।জাহিদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগার কথাও জানানো হয়েছে।
ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। এ ধরনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।সংগঠনগুলো ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।পাশাপাশি হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।










