ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এবং তা এড়িয়ে যাওয়ার বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে চীনের উপ-প্রধানমন্ত্রী হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাউস ফিন্যান্সিয়াল সার্ভিসেস কমিটিকে দেওয়া বক্তব্যে বেসেন্ট বলেন, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া ঠেকাতে চীনের সঙ্গে এরই মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি জানান, ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তিনটি ব্যাংকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আসন্ন বৈঠকে নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং তা এড়িয়ে যাওয়ার সুযোগ বন্ধের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ওয়াশিংটন সফরের কথা রয়েছে। ওই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। তার আগেই বেসেন্ট ও হি লিফেংয়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুই দেশের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে। তবে বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চীন। দেশটি ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করে এবং আন্তর্জাতিক অঙ্গনে তেহরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমর্থক হিসেবেও পরিচিত।












