বিদেশি কর্মীদের জন্য জাল কাগজপত্র তৈরির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১ জনকে জাল নথিপত্র তৈরির চক্র পরিচালনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। অন্য ১৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে।
সোমবার কুয়ালালামপুরের জালান চান সো লিন এলাকার ১১টি স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।অভিযানে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের একজন এবং ইন্দোনেশিয়ার দুই নাগরিককে আটক করা হয়েছে।অভিযানকালে ১৮টি ল্যাপটপ, ২১টি প্রিন্টার ও স্ক্যানার, তিনটি মোবাইল ফোন এবং ১০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়েছে।
মালয়েশিয়ার কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা বিদেশি শ্রমিকদের জন্য জাল অস্থায়ী কর্মসংস্থান পাস বা ই-পিএলকেএস এবং ভুয়া পুলিশ প্রতিবেদন তৈরি করতেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে প্রতিটি জাল কর্মসংস্থান পাস ১৫০ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভুয়া পুলিশ প্রতিবেদন ৭০ রিঙ্গিতে বিক্রির তথ্য পাওয়া গেছে।বিদেশি শ্রমিকদের কাগজপত্র নিয়ে অনিয়ম ও জালিয়াতির বিরুদ্ধে দেশটিতে অভিযান অব্যাহত রয়েছে।












