ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বরাত দিয়ে কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ইরান হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করার একটি নতুন প্রস্তাব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা প্রত্যাখ্যানের খবর আসে।ইরানের প্রস্তাব অনুযায়ী, সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল চালু করার কথা ছিল। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ১২ বিলিয়ন ডলারের অবরুদ্ধ ইরানি সম্পদ ছাড়, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দরগুলোতে নৌ অবরোধ বন্ধের দাবি জানানো হয়।
এর পাশাপাশি লেবাননসহ বিভিন্ন এলাকায় শত্রুতা বন্ধের শর্তও দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, এসব শর্ত বাস্তবায়ন হলে সপ্তম দিন থেকে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে।তবে ওয়াশিংটন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবটি নিয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিতে আগ্রহী নয়। এদিকে কাতারসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে দুই পক্ষের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রয়েছে।
এ পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান বা বিমান হামলার বিষয়টি তিনি বিবেচনা করতে পারেন।তবে সংঘাতের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, কূটনৈতিক আলোচনা ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির ওপর পরবর্তী পদক্ষেপ অনেকটাই নির্ভর করতে পারে।












