জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ, ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহ এবং ঢাকা, গাজীপুর ও রংপুরের বিভিন্ন নগর অবকাঠামো উন্নয়ন।বুধবার অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন।
অনুমোদিত ১৩ প্রকল্পের মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় হবে।
রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকা।সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর পুরো অর্থ সরকারি তহবিল থেকে আসবে।রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা ব্যয় হবে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন, গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পও অনুমোদন পেয়েছে।রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্পও রয়েছে।
এ ছাড়া বিআইডব্লিউটিসির জলযান নির্মাণ, পঞ্চগড়ে দ্বিতীয় করতোয়া সেতু, থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক, প্যারিসের চ্যান্সারি ভবন সংস্কার এবং নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।










