দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জানান, মামলার বাদী মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে সমঝোতা হয়েছে এবং তিনি জামিনে আপত্তি করছেন না।
তবে আদালত বলেন, এ ধরনের অনাপসযোগ্য মামলায় শুধু আপসের ভিত্তিতে জামিন দেওয়া হলে সমাজে ন্যায়বিচার সম্পর্কে বিরূপ ধারণা তৈরি হতে পারে।এর পর আদালত গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দেন।মরিয়ম আক্তারের মরদেহ গত ২০ সেপ্টেম্বর ঢাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। পরদিন তার বাবা শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।
মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং সাবেক গাড়িচালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়।মামলার পর গাজী নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা বেগম জামিনে রয়েছেন। অন্যদিকে ওবায়দুর রহমান কারাগারে রয়েছেন।










