ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) গভীর রাতে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের পবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. এরশাদ হোসেন (৪৫)। তিনি জামালপুর সদর থানার চুরশি ঢুলিপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী ওরফে দেলোয়ারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি আশুলিয়ার পবনারটেক এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিবসহ একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
ঢাকা জেলা উত্তর ডিবি-র অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত এরশাদ হোসেনের বিরুদ্ধে পূর্বেও চুরি ও ডাকাতিসহ মোট চারটি মামলা রয়েছে। এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে ডিবি পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
















