ডিসেম্বর মাসে বিতর্কিত ব্যক্তিদের অবৈধভাবে দেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
রোববার (২২ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন বিজিবিপ্রধান।
মহাপরিচালক বলেন, দেশের সীমান্ত সুরক্ষিত রাখা বিজিবির অন্যতম প্রধান দায়িত্ব। সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ যাতায়াত বন্ধ করা এবং অননুমোদিতভাবে কেউ যেন এক দেশ থেকে অন্য দেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।
তিনি জানান, সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে তিনি ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছেন। সরকারের নির্দেশনা বাস্তবায়ন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবিপ্রধান বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে কার্যকর রয়েছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তাঁর এই পরিদর্শন। সীমান্তের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় সীমান্ত সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি। কারও সন্দেহজনক যাতায়াত কিংবা অবৈধভাবে সীমান্ত পারাপারের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানান মহাপরিচালক।
তিনি বলেন, স্থানীয় মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে। এসব তথ্য বিজিবিকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অবৈধ পারাপার প্রতিরোধ করা সহজ হবে।

















