আসন্ন ধামরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক আমাদের খবর পত্রিকার সাংবাদিক কাজী মিজানুর রহমান। আগামী ২৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে কাজী মিজানুর রহমান প্রেসক্লাবের সাংবাদিক সহকর্মী, সম্মানিত সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, ভালোবাসা এবং আন্তরিক সমর্থন কামনা করেছেন। একই সঙ্গে তিনি সবার মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
কাজী মিজানুর রহমান জানান, সহকর্মী সাংবাদিকদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি ধামরাই উপজেলা প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি জোরদারে কাজ করতে চান।
তিনি বিশ্বাস করেন, সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রেসক্লাবকে আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হলে সাংবাদিকদের কল্যাণে কাজ করা এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ জন্য তিনি সকল সাংবাদিক সহকর্মী ও ভোটারদের আন্তরিক সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।




















