সর্বশেষ

দু’দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার

বেনাপোল প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে যশোরের শার্শা উপজেলার কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টার অব্যাহত বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমেছে। এতে পাকা আমন ধান ও শীতকালীন সবজির খেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

বিশেষ করে মাঠে কেটে রাখা পাকা আমন ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন চাষিরা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে দিনমজুর, ভ্যানচালকসহ নিম্ন আয়ের মানুষের।শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে পানি জমে আছে। কোথাও কোথাও ধান ও সবজির খেত পানিতে তলিয়ে গেছে।

মাঠে কেটে রাখা পাকা আমন ধান বৃষ্টির পানিতে ভিজে রয়েছে। রোদ না থাকায় এসব ধান শুকানো সম্ভব হচ্ছে না। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়া এবং পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

এদিকে শীতকালীন সবজির খেত নিয়েও উদ্বেগ বাড়ছে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শিম, মুলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির জমিতে পানি জমে থাকায় গাছের গোড়া পচে যাওয়া এবং ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের লোকসানের পরিমাণ আরও বাড়তে পারে।

হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, নীলাচল পরিবহণের ৮ বাস আটক

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় শার্শা উপজেলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে উপজেলার সব এলাকায় পানি না জমলেও নিম্নাঞ্চলের কিছু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাঠে কেটে রাখা আমন ধান ও নিচু জমির সবজি আবাদ ঝুঁকির মুখে পড়েছে।

উপজেলার শ্যামলাগাছী গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, “জমির ধান কেটে মাঠে রেখেছি। কিন্তু টানা বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে না। এভাবে বৃষ্টি চলতে থাকলে ধান নষ্ট হয়ে বড় ধরনের লোকসানে পড়তে হবে। আবার মাঠে অনেক কৃষকের পাকা ধান এখনো কাটার অপেক্ষায় রয়েছে।”

নাভারণ এলাকার কৃষক আমির হোসেন বলেন, “দুই বিঘা জমিতে বাঁধাকপি এবং সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছি। বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এভাবে পানি জমে থাকলে বাঁধাকপির গাছ নষ্ট হয়ে যেতে পারে। সময়মতো সবজি বিক্রির উপযোগী না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।”
শুধু কৃষক নয়, টানা বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষেরও। ভ্যানচালক ও শ্রমজীবী ইসমাইল ও আলফাজ হোসেন জানান, অব্যাহত বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বের হওয়া এবং দিনমজুরদের কাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে দৈনন্দিন আয় বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন বলেন, “বর্তমানে মাঠে আমন ধান পেকে গেছে। অনেক কৃষক ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকে কেটে মাঠে রেখেছেন। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। তবে জমিতে ধানের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকলে ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই।

শিবালয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে যমুনায় অবাধ বালু উত্তোলন, ভাঙনঝুঁকিতে আলোকদিয়া চর

“অন্যদিকে সবজির গোড়ায় দীর্ঘসময় পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। দ্রুত জমি থেকে পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে ফসলের পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে।”

কৃষকদের আশঙ্কা, বৃষ্টি দ্রুত থেমে রোদ না উঠলে মাঠে কেটে রাখা ধান শুকানো কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে নিচু জমির সবজি আবাদও ক্ষতির মুখে পড়তে পারে। তাই দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন ও আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন শার্শার কৃষক পরিবারগুলো।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২২ নভেম্বর ২০২৬
Trulli

দু’দিনের টানা বৃষ্টিতে ফসলের ব‍্যপক ক্ষতি, দুশ্চিন্তায় শার্শার কৃষক পরিবার