দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা বিবেচনায় রেখে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে বৈশ্বিক র্যাংকিংয়ে উন্নতির জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
প্রতিনিধিদলে আরও ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, সদস্য রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে। তারা জানায়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষা বিনিময় ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে এনএসইউ। বিশ্ববিদ্যালয়টির প্রায় ৯৫ শতাংশ স্নাতক দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলেও প্রতিনিধিদল জানায়।
এ সময় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ, উদ্ভাবনী কার্যক্রম, উদ্যোক্তা তৈরিতে উদ্যোগ এবং গবেষণানির্ভর জ্ঞানচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিনিধিরা। পাশাপাশি পূর্বাচলে প্রায় ৪০০ বিঘা জমির ওপর বিশ্ববিদ্যালয়টির নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে হবে, যাতে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন।
তিনি আরও বলেন, যে শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের বেকারত্বের দিকে ঠেলে দেয় এবং কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি করতে পারে না, সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। শিক্ষাকে বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সাক্ষাৎকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২৭তম সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


















