দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও দীর্ঘমেয়াদে টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্প্রসারণ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, এ খাতের উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ রয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় মোট ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলায় তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় শিল্পের সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।




















