সর্বশেষ

হাসিনার পক্ষে লড়তে চান পান্না, ট্রাইব্যুনালের ‘না’

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তবে আইনসঙ্গত না হওয়ার কারণে আবেদনটি গ্রহণ করেননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আবেদন গ্রহণ না করে এ সিদ্ধান্ত জানান। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে এদিন ট্রাইব্যুনালে আবেদনটি উত্থাপন করেন এডভোকেট আসাদুজ্জামান বাবু। তার সঙ্গে ছিলেন আইনজীবী নাজনীন নাহার। শুরুতেই আইনজীবী নাজনীন নাহার আদালতকে বলেন, জেড আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। তখন ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) ইতিমধ্যে নিয়োগ দেয়া হয়েছে। এটা ওভার (শেষ)। উনি সিভি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি দেখবেন ট্রাইব্যুনাল।

হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি প্রসিডিওর ভালো করেই জানেন। যে মামলায় আসামি উপস্থিত নাই, এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন? তা ছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেয়া হচ্ছিল, পলাতক আসামিদের পক্ষে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি, তখন তিনি এসে বলতে পারতেন। তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেয়া হবে। ট্রাইব্যুনাল বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। পরে আইনজীবী নাজনীন নাহার ট্রাইব্যুনালকে বলেন, শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে, তাকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না। ট্রইব্যুনাল এই আবেদনও গ্রহণ করেননি।

পরে আসাদুজ্জামান বাবু  বলেন, এই মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে ইচ্ছুক প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে আমি ট্রাইব্যুনালে আবেদনটি করি। কিন্তু আবেদনটি ট্রাইব্যুনাল গ্রহণই করেননি। তবে বিচারের এই পর্যায়ে এসে আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি পান্না স্যারই বলতে পারবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম  বলেন, বিজ্ঞ প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগের আবেদন নিয়ে প্রসিকিউশনে আসলে, তাকে ট্রাইব্যুনালে আবেদন করার পরামর্শ দেয় প্রসিকিউশন। কিন্তু আজকে ট্রাইব্যুনালও তাদের আবেদন গ্রহণ করেননি। ট্রাইব্যুনাল বিচারের এই পর্যায়ে আবেদনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তাদের আবেদন গ্রহণ করেননি।

একযোগে ৯৯ বিচারককে বদলি ও পদায়ন

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১২ আগস্ট ২০২৫
Trulli

হাসিনার পক্ষে লড়তে চান পান্না, ট্রাইব্যুনালের ‘না’