বাংলাদেশের অর্থনীতিতে একাধিক চাপের চিত্র তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বিনিয়োগ ও রপ্তানি কমে যাওয়া, ব্যাংক খাতের দুর্বলতা এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে ২০২৫-২৬ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে নেমেছে।
মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’-এর অক্টোবর ২০২৬ সংস্করণে এসব তথ্য জানানো হয়েছে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২২-২৩ অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৮ শতাংশ। পরবর্তী দুই অর্থবছরে তা কমে ৪ দশমিক ২ ও ৩ দশমিক ৫ শতাংশে দাঁড়ায়। গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি নেমে আসে ২ দশমিক ২ শতাংশে।
প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে বেসরকারি ও সরকারি বিনিয়োগের সংকোচনকে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানিও কমেছে।
সবচেয়ে বড় ঝুঁকির জায়গাগুলোর একটি হিসেবে ব্যাংক খাতের দুর্বলতার কথা বলা হয়েছে। ২০২৬ সালের জুনে ব্যাংক খাতে খেলাপি ঋণের হার বেড়ে ৩৩ দশমিক ২ শতাংশ হয়েছে। ইসলামি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৯ শতাংশ এবং রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে ৪৩ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।
অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিপরীতে সরকারের ব্যাংকঋণ বেড়েছে ৩০ দশমিক ৪ শতাংশ।
দারিদ্র্য ও মূল্যস্ফীতির চাপ
বিশ্বব্যাংকের মডেল অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় দারিদ্র্যের হার প্রায় ২২ দশমিক ৫ শতাংশে উঠেছে। গত এক বছরে প্রায় ২১ লাখ মানুষ আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে নেমেছে।
গড় মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৭ শতাংশ হলেও বিদ্যুৎ ও জ্বালানির মূল্য এবং সরবরাহ ব্যবস্থার সমস্যার কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় এখনো বেশি রয়েছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারি বরাদ্দ থাকলেও প্রকৃত দরিদ্রদের একটি বড় অংশ এখনো এসব সুবিধার বাইরে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিল্প ও কর্মসংস্থানেও সংকট
গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রভাবে শিল্প খাতের প্রবৃদ্ধি কমে ২ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবছরের তৃতীয় প্রান্তিকে শিল্প উৎপাদন ০ দশমিক ৩ শতাংশ কমেছে।
জ্বালানি সংকটের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন কমানোর পাশাপাশি কর্মঘণ্টা কমিয়েছে কিংবা কর্মী ছাঁটাই করেছে। বিশেষ করে শিল্প ও সেবা খাতে অনেক নারী কর্মসংস্থান হারিয়ে শ্রমবাজার থেকে সরে গেছেন।
রেমিট্যান্সে স্বস্তি, কমেছে বিনিয়োগ
অর্থনীতির সংকটের মধ্যেও রেমিট্যান্সে ইতিবাচক ধারা দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় ১৭ দশমিক ৩ শতাংশ বেড়ে রেকর্ড ৩৫ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তবে একই সময়ে নিট বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ১৫ শতাংশ কমে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারে নেমেছে। নতুন ইকুইটি বিনিয়োগও কমেছে ৭০ দশমিক ৩ শতাংশ।
রাজস্ব ও সরকারি ঋণ
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৬ শতাংশ কর আদায় করেছে। মোট রাজস্ব জিডিপির ৮ দশমিক ৩ শতাংশে উঠলেও কর ফাঁকি, সীমিত করভিত্তি ও দুর্বল প্রশাসন এখনো বড় সমস্যা।
এদিকে বাজেট ঘাটতি বেড়ে জিডিপির ৩ দশমিক ৯ শতাংশ হয়েছে। অর্থবছরের প্রথম ১১ মাসে সরকারের মোট অর্থায়নের ৮১ দশমিক ৫ শতাংশ এসেছে ব্যাংক খাত থেকে।
আগামী দুই বছরেও প্রবৃদ্ধি কম থাকার পূর্বাভাস
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরেও বাংলাদেশের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশের কাছাকাছি থাকতে পারে। ২০২৭-২৮ অর্থবছরে তা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে।
একই সময়ে জাতীয় দারিদ্র্যের হার ২০২৬-২৭ অর্থবছরে ২২ দশমিক ৮ শতাংশে উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ব্যাংক খাত, জ্বালানি ও রাজস্ব খাতে দ্রুত সংস্কারের সুপারিশ করেছে বিশ্বব্যাংক। দুর্বল ব্যাংকের সম্পদের মান যাচাই, দেশীয় গ্যাস অনুসন্ধান ও এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কর ফাঁকি ও অতিরিক্ত করছাড় কমানোর ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।





















