রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।
বালিকা এককের কোয়ার্টার ফাইনাল ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন চীনের জিরু ইয়াং। তিনি ৬-২, ৭-৫ গেমে হারিয়েছেন তাইসিয়া কোরোতচেঙ্কোকে। একই ইভেন্টের অন্য ম্যাচে চীনের জিমো সং একপেশে খেলায় দক্ষিণ কোরিয়ার হেইজু কোয়ানকে ৬-১, ৬-০ গেমে সহজেই হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন।
থাইল্যান্ডের তৃতীয় বাছাই পারমীতে তাদকায়েভ ভারতের জানভি আসাওয়াকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে দাপুটে জয় দিয়ে শেষ চারে জায়গা করে নেন। তবে দিনের সবচেয়ে নাটকীয় ও রোমাঞ্চকর ম্যাচটি উপহার দেন চীনের ইউহান ঝু এবং শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পেইরিস। প্রথম সেটে টাইব্রেকারে হেরে যাওয়ার পর দারুণভাবে কামব্যাক করে ইউহানসা পেইরিস ৬-৭(৩), ৬-৪, ৬-৪ গেমে জয়ের মধ্য দিয়ে সেমিফাইনালে পৌঁছান।
এদিকে বালক এককের কোয়ার্টার ফাইনালগুলোতেও ছিল টানটান উত্তেজনা। শীর্ষ বাছাই থাইল্যান্ডের ত্রি শ্রীসেন জাপানের রিয়ুনোসুকে ইয়াগিনুমাকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। চাইনিজ তাইপের তৃতীয় বাছাই জিশে চেন ভারতের সাকশাম ভনশালিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে নাম লেখান। থাইল্যান্ডের পাচারাপোল লিকুল ৬-৩, ৬-৩ গেমে চাইনিজ তাইপের ওয়ে-চেং ট্যাংকে এবং চাইনিজ তাইপের ইয়েন-চিয়া সেং ৬-২, ৬-০ গেমে চীনের শাওশুয়াইজিয়া শাওকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেন।
এদিকে দ্বৈত ইভেন্টের সেমিফাইনালেও দেখা গেছে শ্বাসরুদ্ধকর লড়াই। বালিকা দ্বৈতের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার হিয়েজু কোয়ান ও ভারতের সাজফা ওয়ানিয়া জুটি ৫-৭, ৬-১, (১০-৩) গেমে চীনের জিমো সং ও ইউহান ঝু জুটিকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। অন্য সেমিফাইনালে চীনের ঝেনক্সি ডং ও শুয়াং ঝু জুটি ৬-২, ৬-৩ গেমে ভারতের জানভি আসাওয়া ও বাংলাদেশের উদীয়মান টেনিসকন্যা ইয়ান্না চৌধুরী জুটিকে পরাজিত করে।
বালক দ্বৈতের সেমিফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই পাচারাপোল লিকুল ও ত্রি শ্রীসেন জুটি ৬-১, ৬-৩ গেমে সহজেই হারায় আন্দ্রে হারনাদি ও তোমোহিসা শিওয়া জুটিকে। অন্য সেমিফাইনালে ভারতের সাকশাম ভনশালি ও শ্লোক চৌহান জুটি ৬-৩, ৬-৪ গেমে চাইনিজ তাইপের দ্বিতীয় বাছাই জিশে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটিকে পরাজিত করে ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে।















