সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে টানা ৯ দিন ধরে অনশনে বসেছেন ময়না খাতুন নামে এক নারী। তবে চরম নাটকীয় ও দুঃখজনক বিষয় হলো, অনশন শুরু করার পর থেকেই ওই বাড়ির সবাই গা-ঢাকা দিয়েছে। শূন্য বাড়িতে একাকী অবস্থান করা ওই নারী নিজেই রান্না করে খাচ্ছেন, তাও নিজের অধিকার আদায়ের দাবিতে অনড় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়না খাতুন তার বৈবাহিক অধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে মাজারুল ইসলাম রাকিবের বাড়িতে অবস্থান নেন। কিন্তু ৯ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সমাধান মেলেনি। গ্রামের মাতব্বর ও স্থানীয় রাজনৈতিক নেতারা একাধিকবার চেষ্টা করেও কোনো সঠিক সমাধান দিতে পারেননি।

এর পেছনে এক প্রভাবশালী নেতার হাত রয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি তার পদের ও ক্ষমতার প্রভাব খাটিয়ে তার শ্যালক (অভিযুক্ত রাকিব) কে গোপন আস্তানায় লুকিয়ে রেখেছেন। ওই নেতার প্রচ্ছন্ন মদদ ও প্রভাবের কারণেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বা রাজনৈতিক নেতৃবৃন্দ এই ঘটনার কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান করতে পারছেন না।
এদিকে ফাঁকা বাড়িতে একা একা অনশনরত ময়না খাতুন চরম নিরাপত্তাহীনতা ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানান, স্ত্রীর মর্যাদা না পাওয়া পর্যন্ত তিনি ওই বাড়ি ছাড়বেন না, প্রয়োজনে সেখানেই প্রাণ দেবেন।
প্রভাবশালী নেতার হস্তক্ষেপে একটি অসহায় মেয়ের অধিকার আদায়ের আন্দোলন এভাবে ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রামবাসী। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যেন দ্রুত এই ঘটনার একটি সুষ্ঠু ও আইনি সমাধান হয়।













