ঢাকার সাভারে বসতবাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কৃষক দল নেতা মধু মাদবর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মো.মধু মাদবর (৪৫) বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার বাসিন্দা এবং নব্য ঘোষিত ইউনিয়ন কৃষক দলের সভাপতি।
ঘটনার বিবরণ ও বসতবাড়িতে হামলা:সাভার মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার বাসিন্দা মো. সেলিম (৫৯)-এর সঙ্গে মধু মাদবর ও তাঁর সহযোগীদের পূর্ব বিরোধ চলে আসছিল। সেলিমের দাবি, মধু মাদবর ও তাঁর দলবল এলাকায় মাদক সেবনসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। তিনি এসব অন্যায়ের প্রতিবাদ করায় অভিযুক্তরা তাঁর ও তাঁর পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে দেশীয় অস্ত্র (চাকু, লাঠি ও লোহার রড) নিয়ে মো. সেলিমের বসতবাড়িতে হামলা চালানো হয়। অভিযুক্তরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেলিমের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় অভিযুক্তরা ঘরের স্টিলের আলমারি ভেঙে নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও অভিযুক্তদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননি।
অভিযোগ ও প্রভারশালীদের ভূমিকা:স্থানীয়দের সূত্রে জানা গেছে, অভিযুক্ত মধু মাদবর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি রাতারাতি বিরুলিয়া ইউনিয়নের নব্য ঘোষিত কৃষক দলের সভাপতি পদ বাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পদ পাওয়ার পরপরই তিনি ও তাঁর সহযোগীরা এলাকায় চাঁদাবাজি, জুলুম-নির্যাতন ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা শঙ্কা:ভুক্তভোগী মো.সেলিম জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে বাড়িঘরের আশেপাশে মহড়া দিচ্ছে। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানো ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ফলে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি থানায় মামলা/অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসীর বক্তব্য:ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়বস্তু তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে বসতবাড়িতে এমন হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সুশাসন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিরুলিয়ার সাধারণ মানুষ।














