সর্বশেষ

সালমান এফ রহমান বাদ পড়ার পর দুই দিনে বেক্সিমকোর শেয়ারে ১৪% উত্থান

অনলাইন ডেস্ক

পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের শেয়ারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। দুই কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ পড়ার খবর প্রকাশের পর গত দুই দিনে শেয়ার দুটির দাম বেড়েছে ১০ শতাংশের বেশি।মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন দুই কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।এর পরদিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম প্রায় ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি বাড়ে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় কোম্পানিটির শেয়ারের দাম আরও ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ বেড়ে যায়। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে বেক্সিমকোর প্রতিটি শেয়ারের দাম প্রায় ৩ টাকা বা ১৪ শতাংশের বেশি বেড়েছে।

একই সময়ে শাইনপুকুর সিরামিকসের শেয়ারেও বড় ধরনের উত্থান দেখা গেছে। বুধবার কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯০ পয়সা বা সাড়ে ৪ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টায় আরও ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পায়। দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩ টাকা বা ১৫ শতাংশ বেড়েছে।

পর্ষদ পুনর্গঠনের খবরের পর দুই কোম্পানির শেয়ারে লেনদেনও বেড়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। ওই সময় পর্যন্ত কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৩০ কোটি ডলারের পরিকল্পনা, চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব করার উদ্যোগ

অন্যদিকে শাইনপুকুর সিরামিকস ছিল লেনদেনের তালিকায় সপ্তম অবস্থানে। এ সময় কোম্পানিটির প্রায় ৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

বাজারসংশ্লিষ্টদের মতে, পরিচালনা পর্ষদে পরিবর্তনের খবর বিনিয়োগকারীদের একটি অংশের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। ফলে কোম্পানি দুটির শেয়ারের প্রতি আগ্রহ বেড়েছে এবং তার প্রভাব পড়েছে লেনদেন ও দামে।

এর আগে ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। এর ফলে শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানির পর্ষদ থেকেই তিনি বাদ পড়লেন।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগেই ২০২৫ সালের জুলাইয়ে বিএসইসি তাকে শেয়ারবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছিল।

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে স্বাভাবিক লেনদেন, এটিএমেও থাকবে নগদ টাকা

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসায়িক প্রভাব বিবেচনায় সালমান এফ রহমান গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে নতুন করে গঠিত পরিচালনা পর্ষদে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন ব্যক্তি রয়েছেন বলেও জানা গেছে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
০৮ অক্টোবর ২০২৬
Trulli

সালমান এফ রহমান বাদ পড়ার পর দুই দিনে বেক্সিমকোর শেয়ারে ১৪% উত্থান